মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড প্রতারণা এড়াতে করণীয়

১৫ ডিসেম্বর, ২০১৯ ১৩:২৬  
  সাধারণত মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড প্রতারণা থেকে বেঁচে থাকতে হলে সবার আগে প্রতারককে চিনতে হবে। তার পরিচায় জানতে পারলেই আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হবেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রতারক নিজেকে বিকাশ, ইউক্যাশ, রকেট, নগদ বা অন্য যেকোনো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের অথবা এটিএম কার্ড (ডেবিট বা ক্রেডিট) সংশ্লিষ্ট ব্যাংকের হেড অফিস, কোম্পানি অফিস বা আইটি শাখার কর্মকর্তা বা কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে থাকে। প্রতারক ব্যক্তিটি অত্যন্ত শুদ্ধ ভাষায় এবং মার্জিতভাবে কথা বলার চেষ্টা করবে। সিস্টেম মেইনটেন্যান্স, তথ্য হালনাগাদ, কাস্টমার ভেরিফিকেশন বা অন্য কোন বিশেষ বা জরুরি কারণ দেখিয়ে বিকাশ, ইউক্যাশ, রকেট, নগদ ইত্যাদির অ্যাকাউন্টের বা এটিএম কার্ডের (ডেবিট বা ক্রেডিট) গোপন পিন নম্বরটি জানতে চায়। পিন নম্বর না জানালে অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করে দেওয়া হবে বলে ভয় দেখাবে। অথচ কোন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কোন ব্যক্তি (কর্মকর্তা বা কর্মচারী) কখনোই আপনার কোন অ্যাকাউন্টের গোপন পিন নম্বর বা পাসওয়ার্ড জানতে চাইবেন না, এমনকি কেউ সেটি জানতে চাইতে পারেন না। এ ধরনের কলে বিচলিত না হয়ে কলটি কেটে দিন এবং পরবর্তীতে ওই নম্বর থেকে আবার কল আসলে কল রিসিভ করা থেকে বিরত থাকুন। এছাড়াও ডেবিট বা ক্রেডিট কার্ডের পুরা নম্বর কখনোই কারো সঙ্গে শেয়ার করবেন না। জানতে চাইলে শুধু শেষ চারটি ডিজিট উল্লেখ করবেন।